ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের রোববার সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ডও বিতরণ করবেন।
শনিবার (১৫ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার বিকেল ৪টায় কিশোরগঞ্জ সদরের পুরোনো স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনসহ স্থানীয় সংসদ সদস্যরা।
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের কর্মসূচি
রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরোনো ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
দুপুর সাড়ে ১২টায় কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। এরপর কটিয়াদি উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সময়ে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজারের বেশি ধর্মীয় নেতা
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা রাষ্ট্রীয় সম্মানি ভাতা পাবেন।
এর মধ্যে মাসিক সম্মানি প্রদানের জন্য ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা নির্বাচন করা হয়েছে।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও সহযোগিতা করার লক্ষ্য রয়েছে।
ভোরের আকাশ/জেআ