মানসিক অস্থিরতা দূর করার ইসলামিক ৫টি সহজ উপায়

জীবনের ওঠা-নামা, সুখ-দুঃখ এবং হঠাৎ দুশ্চিন্তা—সব মিলিয়ে কখনো কখনো মানুষের মন অস্থির হয়ে পড়ে। এই অস্থিরতা ইবাদতেও মনোযোগ কমিয়ে দেয় এবং দৈনন্দিন জীবনকেও কষ্টকর করে তোলে। তবে ইসলাম মানসিক শান্তি বজায় রাখতে কিছু সহজ এবং কার্যকর আমল শিখিয়েছে।
মানসিক অস্থিরতা কমানোর জন্য বিশেষজ্ঞরা পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের পরামর্শ দিচ্ছেন—
১. দোয়া:
দোয়া হলো মুমিনের শক্তিশালী হাতিয়ার। কোরআনে বলা হয়েছে, “যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করে, আমি তো তাদের কাছেই আছি। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই।” (সুরা বাকারা : ১৮৬)
রাসুলুল্লাহ (সা.) দুশ্চিন্তা ও দুঃখ দূর করতে যে দোয়া পড়তেন তা হলো:
‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি...’
অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা, অক্ষমতা, অলসতা, ভীরুতা এবং ঋণের বোঝা থেকে।
২. ইখলাস বা একনিষ্ঠতা:
আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে এবং মানুষের প্রশংসার প্রত্যাশা না করলে অস্থিরতা কমে যায়। কোরআনে ইরশাদ হয়েছে, “তাদের কেবল নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর ইবাদাত করতে, দীনকে একনিষ্ঠ করে পালন করতে এবং যাকাত দিতে।” (সুরা বাইয়্যেনাহ : ৫)
৩. আল্লাহর নিয়ামতকে মনে রাখা:
মানুষ প্রায়ই সমস্যার দিকে তাকিয়ে নিয়ামত ভুলে যায়। কোরআনে বলা হয়েছে, “তুমি যা চাও সব আল্লাহই দিয়েছে। তার অনুগ্রহের হিসাব শেষ করা সম্ভব নয়।” (সুরা ইবরাহিম : ৩৪) নিয়মিত আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত মনে করলে মন প্রশান্ত থাকে।
৪. আল্লাহর ওপর ভরসা করা:
যার অন্তর আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখে, সে কখনো অস্থির হয় না। যেমন হজরত ইবরাহিম (আ.) অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার সময় বলেছিলেন, “আল্লাহ আমার জন্য যথেষ্ট।” সাহাবাগণও ভয়ের মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখতেন এবং আল্লাহ তাদের সহায়তা করেছেন। (সুরা আলে ইমরান : ১৭৩-১৭৪)
৫. ধৈর্যশীল হওয়া:
ধৈর্যশীল মানুষ অস্থির হয় না। কোরআনে নির্দেশ আছে, “হে ঈমানদারগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” (সুরা বাকারা : ১৫৩)
বিশেষজ্ঞরা বলেন, এই পাঁচটি আমল নিয়মিত চর্চা করলে মানসিক চাপ কমে, হৃদয় প্রশান্ত হয় এবং জীবন অনেক সহজ ও আনন্দময় হয়।
ভোরের আকাশ // হ.র