নতুন বেতন স্কেল বাস্তবায়নে ইসলামিক ফাউন্ডেশনে জরুরি নির্দেশনা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের রাজস্বখাতভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের অর্থ ও হিসাব বিভাগ থেকে মহাপরিচালকের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে।
জারিকৃত আদেশে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়সহ সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক মিশন এবং ইসলামিক মিশন হাসপাতালের রাজস্বখাতভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’ অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণ করা প্রয়োজন।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত ফরম পূরণপূর্বক জুন/২০২৬ মাসের বেতন বিবরণীসহ প্রয়োজনীয় তথ্যাদির হার্ডকপি আগামী ১৪ অক্টোবরের (বুধবার) মধ্যে অর্থ ও হিসাব বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে পিআরএল গ্রহণকারী ও অবসরগামী কর্মীদের বিষয়েও সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা অনুসারে, ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে যাদের পিআরএল শেষ হবে, জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী তাদের চূড়ান্ত পাওনা ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় থেকে পরিশোধ করা হবে।
অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান স্বাক্ষরিত এ নির্দেশনায় (স্মারক নং: ১৬.০১.০০০০.০০৩.৩১.০২৫.২৬.৮৯৭) কর্মকর্তা ও কর্মচারীদের পে-ফিক্সেশন সহজ করার জন্য দুটি নির্ধারিত ফরম এবং দুটি পূরণকৃত নমুনা কপি সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ১ম থেকে ৯ ‘ম গ্রেড এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মীরা জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাসের বকেয়া বেতন-ভাতা সঠিকভাবে হিসাব করতে পারবেন
ভোরের আকাশ/জেআ