সৌদি আরবে চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত, বহু প্রতিষ্ঠানকে জরিমানা

ওমরাহ যাত্রীদের সঙ্গে প্রতিশ্রুত সেবা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় সৌদি আরবে চারটি ওমরাহ পরিচালনাকারী প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এছাড়াও অনিয়মের অভিযোগে একাধিক কোম্পানিকে আর্থিক জরিমানা করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
শুক্রবার (৪ জুলাই) গালফ নিউজ–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের হঠাৎ পরিচালিত একাধিক মাঠপর্যায়ের পরিদর্শনে দেখা যায়, কয়েকটি ওমরাহ কোম্পানি তাদের অনুমোদিত কর্মসূচি অনুযায়ী যাত্রীদের মানসম্মত আবাসন সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এর ফলে হাজিদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও মর্যাদা বিঘ্নিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “এসব অনিয়ম সেবাদাতাদের সাথে চুক্তির লঙ্ঘন এবং আমাদের নির্ধারিত মানদণ্ডের পরিপন্থী। হাজিদের আরাম, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
বিবৃতিতে আরও জানানো হয়, কোম্পানিগুলোর অনিয়মের মাত্রা ও পূর্বের কার্যক্রম বিশ্লেষণ করে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। যদিও স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলোর নাম এবং আর্থিক জরিমানার নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি।
সৌদি আরবের ভিশন ২০৩০ অনুযায়ী ধর্মীয় পর্যটন খাতে স্বচ্ছতা, মান নিয়ন্ত্রণ এবং সেবার মান উন্নয়নের অংশ হিসেবে এমন পরিদর্শন ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ভোরের আকাশ//হ.র