ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে কোরআন প্রতিযোগিতা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। ধারাবাহিকভাবে উপজেলা বা জোন পর্যায়, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
মঙ্গলবার (০৩ মার্চ ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন।
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ (অনুর্ধ্ব ১৮ বছর), ‘খ’ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফজ (অনুর্ধ্ব ১৫ বছর) ও ‘গ’ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফজ (অনুর্ধ্ব ১২ বছর)।
জাতীয় পর্যায়ে উপহার হিসেবে প্রথম পুরস্কার বিজয়ীকে দুই লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র দেয়া হবে। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার দেয়া হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীদের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে দরখাস্ত ইসলামিক ফাউন্ডেশনের স্ব স্ব জেলা বা উপজেলা কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। নাম নিবন্ধনের সবশেষ তারিখ ৩১ মার্চ। ১ এপ্রিল থেকে শুরু হবে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক ৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন।
ভোরের আকাশ/আ.র