আবারও স্বাস্থ্যসম্মত শহরের তালিকায় মদিনা, সৌদি আরবের গর্ব

সৌদি আরবের মদিনা নগরী আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কর্তৃক ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইসলামের দ্বিতীয় পবিত্রতম এই নগরী ৮০ পয়েন্ট অর্জন করে এই মর্যাদা অর্জন করেছে, যা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে।
এবারের স্বীকৃতির মাধ্যমে মদিনা জেদ্দার পরে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম ‘স্বাস্থ্যকর নগরী’ হিসেবে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে।
মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য মন্ত্রী ফাহাদ আলজালাজেল থেকে এই স্বীকৃতি সনদ গ্রহণ করেন। প্রিন্স সালমান বলেন, “এই স্বীকৃতি প্রমাণ করে যে, নাগরিকদের জীবনমান উন্নয়নে আমরা কতটা প্রতিশ্রুতিবদ্ধ। মদিনা শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিকভাবে একটি উন্নয়ন মডেল হিসেবে পরিচিত হচ্ছে যা সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ডব্লিউএইচও’র ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি পেতে একটি শহরকে ৮০টি নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে—পার্ক ও খোলা জায়গার পরিমাণ, হাঁটার উপযোগী পরিবেশ, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও স্কুলের মাধ্যমে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির মতো বিষয়গুলো।
মদিনার পাশাপাশি সৌদি আরবের আরও ১৪টি শহর—যেমন তায়েফ, তাবুক, আদ-দিরিয়াহ, উনায়জা, জালাজেল, আল-মানদাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা ও শারুরাহ—ও এই স্বীকৃতি পেয়েছে।
বর্তমানে মদিনা একটি বিশ্বব্যাপী মডেল, যেখানে আধুনিক উন্নয়ন ও স্বাস্থ্যসচেতনতা একসঙ্গে কাজ করছে।
সূত্র: আরব নিউজ
ভোরের আকাশ//হ.র