অন্যের প্রতি সহানুভূতি প্রকাশের আহ্বান মসজিদে নববীর ইমামের

তীব্র দাবদাহ ও অসহনীয় গরমে মানুষের কষ্ট লাঘবে একে অপরের প্রতি সহানুভূতি ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন মদিনার মসজিদে নববী-এর ইমাম ও খতিব শায়খ সালেহ আল-বুদাইর।
গত ৩১ জুলাই জুমার খুতবায় তিনি বলেন, প্রচণ্ড গরমে বিশেষ করে দরিদ্র, শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মুসলমানদের দায়িত্ব। গ্রীষ্মের তাপদাহে মানুষের দুর্ভোগ কমাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
খুতবায় তিনি আরও বলেন, মানুষ ও পশুপাখির কষ্ট লাঘবে গণপরিসর, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসমাগমস্থলে সহজলভ্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানবিক দায়িত্বের পাশাপাশি ইসলামেরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
এর আগে ২৪ জুলাই জুমার খুতবায় শায়খ আবদুল-মুহসিন আল-কাসিম সন্তানদের নৈতিক ও ঈমানি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সন্তান আল্লাহর দেওয়া আমানত। তাই শৈশব থেকেই তাদের মধ্যে ঈমান, সালাতের অভ্যাস এবং কোরআন অনুধাবনের শিক্ষা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সন্তানদের সঙ্গে সদয় আচরণ, সুন্নাহ অনুযায়ী তাদের মেধা ও প্রতিভার বিকাশ এবং তাদের সফলতার জন্য নিয়মিত দোয়া করা পিতা-মাতার দায়িত্ব। তাঁর ভাষায়, সুসন্তান গড়ে তোলা পিতা-মাতার যৌথ দায়িত্ব, যা ইহকাল ও পরকালে কল্যাণ ও বরকতের কারণ হয়ে দাঁড়ায়।
ভোরের আকাশ/এনএ