খুতবায় মসজিদে নববীর খতিব
গরমে জাহান্নামের কথা স্মরণ, তৃষ্ণার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

মসজিদে নববীর জুমার খুতবায় ইমাম ও খতিব শায়খ সালাহ আল-বুদাইর বলেছেন, বর্তমানের প্রচণ্ড গরম ও দাবদাহ মানুষকে আখেরাত এবং জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি মুসল্লিদের তাকওয়া অবলম্বন, গুনাহ থেকে তাওবা এবং তৃষ্ণার্ত মানুষ ও সৃষ্টিজগতের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
শুক্রবার (৩১ জুলাই) জুমার খুতবায় তিনি রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিস উল্লেখ করে বলেন, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলে আল্লাহ তাকে বছরে দুটি নিঃশ্বাস নেওয়ার অনুমতি দেন—একটি শীতকালে এবং অন্যটি গ্রীষ্মকালে। মানুষের অনুভূত তীব্র গরম সেই গ্রীষ্মকালীন নিঃশ্বাসেরই প্রভাব।
তিনি বলেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী এবং মৃত্যু অত্যন্ত সন্নিকটে। তাই সময় শেষ হওয়ার আগেই গুনাহ থেকে তাওবা করে নেক আমল সঞ্চয় করতে হবে এবং আল্লাহর দিকে ফিরে আসতে হবে।
খুতবায় তৃষ্ণার্তদের পানি পান করানোর ফজিলতও তুলে ধরেন শায়খ সালাহ আল-বুদাইর। তিনি একটি হাদিসে কুদসির আলোকে বলেন, কেয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, ‘আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি।’ অর্থাৎ, আল্লাহর কোনো তৃষ্ণার্ত বান্দাকে পানি পান করালে তার প্রতিদান আল্লাহর কাছেই পাওয়া যাবে।
তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাদের এসি বা বিশুদ্ধ ঠান্ডা পানির ব্যবস্থা নেই, এমন দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। রাস্তা, বাজার ও মসজিদে সুপেয় পানির ব্যবস্থা, নলকূপ ও কূপ খনন এবং জনসাধারণের জন্য ওয়াটার কুলার স্থাপনের প্রতিও তিনি উৎসাহ দেন।
খতিব আরও বলেন, মানুষ, পাখি, প্রাণী কিংবা আল্লাহর যেকোনো সৃষ্টি যদি কারও দেওয়া পানি পান করে উপকৃত হয়, তবে আল্লাহ তাআলা তার উত্তম প্রতিদান দান করবেন।
খুতবার শেষাংশে তিনি মুসলিম উম্মাহর নিরাপত্তা, ঐক্য ও কল্যাণ কামনা করে দোয়া করেন। পাশাপাশি দুই পবিত্র মসজিদের খাদেমের জন্য দোয়া এবং ফিলিস্তিনের মজলুম মুসলমানদের সাহায্য, আহতদের দ্রুত আরোগ্য ও বিজয়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
ভোরের আকাশ/এনএ