আল্লাহর প্রতি কৃতজ্ঞ হলে যে বড় উপকার পাবেন

আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের অসংখ্য নিয়ামত দান করেন। যারা এই নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, আল্লাহ তাদের নিয়ামত আরও বাড়িয়ে দেন। পবিত্র কোরআনে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট উল্লেখ আছে—
“যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব; আর যদি অকৃতজ্ঞ হও, আমার আযাব কঠোর।” (সূরা ইবরাহিম, আয়াত ৭)
অর্থাৎ, আল্লাহ বলেছেন, তাঁর অনুগ্রহের নিয়ামতগুলোকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে সেগুলোকে অবাধ্যতা বা অবৈধ কাজে ব্যয় না করলে তিনি সেই নিয়ামত আরও বৃদ্ধি করবেন। এই বৃদ্ধি হতে পারে নিয়ামতের পরিমাণে বা স্থায়িত্বে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, সে কখনোই নিয়ামতের বরকত ও বৃদ্ধি থেকে বঞ্চিত হয় না।
অপরদিকে, যারা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা করে, অর্থাৎ নিয়ামতগুলোকে অবাধ্যতা, অবৈধ কাজে ব্যয় করে বা ফরজ ও ওয়াজিব পালনে অবহেলা করে, তাদের জন্য আল্লাহর শাস্তি ভয়াবহ। এই অকৃতজ্ঞতার ফলে দুনিয়াতেও নিয়ামত ছিনিয়ে নেওয়া হতে পারে বা এমন বিপদ আসতে পারে যা নিয়ামত ভোগ করা প্রায় অসম্ভব করে দেয়, আর পরকালে কঠোর আজাবের সম্মুখীন হতে হয়।
বিশেষজ্ঞরা বলছেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার মাধ্যমে জীবনে বরকত ও শান্তি আসে এবং জীবন আরও সুন্দর হয়। তাই প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা ও আল্লাহর সন্তুষ্টির পথে চলাই মানুষের সাফল্যের চাবিকাঠি।
ভোরের আকাশ//হ.র