ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ রোল মডেল: ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশ একটি রোল মডেল বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রামের পিটিআই সম্মেলন কক্ষে ‘টেকসই উন্নয়ন অর্জন ও নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. খালিদ হোসেন বলেন, “ধর্ম নিয়ে কটূক্তি করা, দাঙ্গাহাঙ্গামা চালানো বা কাউকে তার পরিবারের ওপর হামলা চালানো—সবই ধর্মে নিষিদ্ধ এবং ফৌজদারি অপরাধ। এ ধরনের কার্যক্রম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এবং মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে সম্প্রদায়গত সৌহার্দ্য প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক ভালো। এখানে আমরা মিলেমিশে সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করি এবং উৎসব করি।”
উপদেষ্টা সতর্ক করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট শেয়ার করা বা অন্যের ধর্ম বা ধর্মীয় নেতাদের নিয়ে কটাক্ষ করা মারাত্মক অপরাধ। “অনেকে অতিউৎসাহী হয়ে সাধারণ মানুষের বাড়িঘরে হামলা চালান বা অগ্নিসংযোগ করেন। এ ধরনের অপরাধ কোনোভাবে ক্ষমাযোগ্য নয়,” তিনি জানান।
ড. খালিদ হোসেন আরও বলেন, “যারা দেশের অর্থপাচার করে বিদেশে বাড়ি বানান, তারা কখনও প্রকৃত দেশপ্রেমিক হতে পারে না। আমাদের সবার উচিত সত্যিকারের দেশপ্রেমিক হওয়া।”
ভোরের আকাশ//হ.র