নির্বাচনী প্রচারণায় কাল কক্সবাজারে আসছেন জামায়াত আমীর, ব্যাপক প্রস্তুতি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি জেলার মহেশখালী উপজেলা ও কক্সবাজার শহরে পৃথক দুটি জনসভায় বক্তব্য দেবেন।
দলীয় সূত্র জানায়, সোমবার সকালেই ডা. শফিকুর রহমান কক্সবাজারে পৌঁছে প্রথমে মহেশখালীতে আয়োজিত জনসভায় অংশ নেবেন। সেখানে তিনি দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখবেন। মহেশখালীর জনসভা শেষে তিনি কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত কেন্দ্রীয় জনসভায় যোগ দেবেন।
তার সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলা ও উপজেলা পর্যায়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভা সফল করতে জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন।
রোববার সকালে মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিতব্য জনসভাস্থল পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রতিনিধি দল। এ সময় জনসভাস্থলের মঞ্চ নির্মাণ, শৃঙ্খলা ব্যবস্থাপনা, নিরাপত্তা ও আগত জনসাধারণের বসার ব্যবস্থা ঘুরে দেখেন তারা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শাহজাহান। তিনি বলেন, কক্সবাজারের জনসভায় লাখো মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। সাধারণ মানুষ পরিবর্তনের প্রত্যাশায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামীকালের জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে। জামায়াতে ইসলামী জনগণের সেই প্রত্যাশা বাস্তবায়নে কাজ করছে। কক্সবাজারের জনসভা তারই প্রতিফলন হবে।”
এসময় আরও মো. শাহজাহান জানান, ১১ দলীয় জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত থাকায় কক্সবাজারের জনসভায় উপস্থিত থাকতে না পারলেও জোটভুক্ত দলগুলোর আঞ্চলিক ও জেলা পর্যায়ের নেতারা এতে অংশ নেবেন।মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় অনুষ্ঠিতব্য আরেকটি জনসভায় যোগ দেবেন।
জেলা জামায়াতে ইসলামীর নেতারা জানান, শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বিক সমন্বয় রাখা হচ্ছে।
ভোরের আকাশ/আ.র