ইতালির রাস্তায় ‘অমানুষ’ বনি আমিনকে বেধড়ক মারধর, ভিডিও ভাইরাল

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন ইতালির রাজধানী রোমে একদল যুবকের হামলার শিকার হয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে রোমের তরপিনাতারা আবাসিক এলাকার একটি সড়কে এ ঘটনা ঘটে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালি সফরে যান বনি আমিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বনি আমিনকে জাপটে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। সেখান থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সামনে ফেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়।
ভিডিওতে হামলাকারীদের বাংলায় চিৎকার ও গালাগাল করতে শোনা যায়। একই সঙ্গে তারা বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছিলেন।
তবে হামলার সুনির্দিষ্ট কারণ বা হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্টে দাবি করা হচ্ছে, ঘটনার সময় বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন। তবে এ দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা বনি আমিন বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। ভ্রমণভিত্তিক ভিডিও নির্মাণের পাশাপাশি তিনি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ করে থাকেন। ফেসবুক ও ইউটিউবে তার উল্লেখযোগ্যসংখ্যক অনুসারী রয়েছে।
এদিকে, বিদেশে একজন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরের ওপর এমন হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অনেকে।
ভোরের আকাশ/এনএ