ভারতে বাংলাদেশি দম্পতিকে ‘অনুপ্রবেশকারী’ সন্দেহে মারধর, অতঃপর...

ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক দম্পতিকে প্রকাশ্যে মারধরের অভিযোগে স্থানীয় এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে জামিনে মুক্তি দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার বেত্তাদাসাপুরায়। অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. নাগেন্দ্র। তিনি স্থানীয় একটি ক্লিনিকে কর্মরত।
পুলিশ জানায়, বাংলাদেশি দম্পতি নাসরিনা বিলাল (২৩) ও তার স্বামী মোহাম্মদ বিলাল ওই এলাকায় অবস্থান করছিলেন। তাদের অভিযোগ, রাস্তায় দেখা হলে অভিযুক্ত চিকিৎসক তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে তিনি তাদের ওপর হামলা চালান।
ভুক্তভোগী নাসরিনা বিলালের অভিযোগ, অভিযুক্ত চিকিৎসক প্রথমে তাদের বাংলাদেশি পরিচয় নিয়ে হিন্দিতে গালিগালাজ করেন। পরে তাকে টেনেহিঁচড়ে মারধর করেন এবং তার স্বামীকে মাটিতে ফেলে মাথা ও পিঠে আঘাত করেন। এ সময় ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় নাসরিনার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ ডা. নাগেন্দ্রকে আটক করে।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চিকিৎসক দাবি করেন, এলাকায় অবৈধ বিদেশি নাগরিকদের বসবাসের কারণে তিনি ওই দম্পতিকে সন্দেহভাজন অনুপ্রবেশকারী মনে করেছিলেন।
তবে পুলিশ জানিয়েছে, কারও নাগরিকত্ব বা অভিবাসন নিয়ে সন্দেহ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত। কোনো অবস্থাতেই নিজের হাতে আইন তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়।
পুলিশ আরও জানিয়েছে, বাংলাদেশি দম্পতির ভারতে অবস্থানের বৈধ কাগজপত্র যাচাই করা হচ্ছে। একই সঙ্গে মারধরের ঘটনায় দায়ের করা মামলার তদন্তও চলমান রয়েছে।
ভোরের আকাশ/এনএ: