শীতার্তদের পাশে সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন

প্রয়াত স্ত্রী সূচনা আক্তার রোকেয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীর গেন্ডারিয়া এলাকার বিপিনরায় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক আল বারু মুস্তাকিম নিবিড়। এতে প্রায় ২০০ জন দুস্থ ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক মানবকণ্ঠের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান সাংবাদিক আল বারু মুস্তাকিম নিবিড়। তার সঙ্গে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আশরাফ উদ্দিন শিপন, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আবিড়, উপদেষ্টা মোতালেব টিটু, আরিফুর পান্না, সাংবাদিক মোস্তাক আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের নার্গিস জুই, দৈনিক আমাদের সময়ের গাজী ফয়সাল তনু, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদ সালেহীনসহ মানবকণ্ঠের একঝাঁক সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিশেষ আকর্ষণ ছিল ফাউন্ডেশনের চেয়ারম্যানের শিশুপুত্র মুহাম্মাদ। তিনিও অতিথিদের সঙ্গে হাতে হাতে কম্বল তুলে দেন শীতার্তদের মাঝে। আগামী মাসের প্রথম দিন থেকে ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ে মা ও শিশুদের জন্য প্রতিদিন বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ শুরু হবে।
প্রয়াত সূচনা আক্তার রোকেয়ার স্মৃতিকে জীবন্ত রেখে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান।
ভোরের আকাশ/এসএইচ