বন্যায় অসহায় মানুষ ও প্রাণীর পাশে দাঁড়াতে বললেন তারকারা

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট ও হবিগঞ্জসহ একাধিক জেলা প্লাবিত হয়েছে। কোথাও পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। প্রাকৃতিক এ দুর্যোগে লাখো মানুষ পানিবন্দি, আর প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মতো উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সচেতনতা ও মানবিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
অভিনেত্রী জয়া আহসান ফেসবুকে এক আবেগঘন বার্তায় লিখেছেন, বন্যার ভয়াবহ চিত্র ও মানুষের অসহায়ত্ব তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তার মতে, পানি নেমে যাওয়ার পরই শুরু হবে আরেকটি বড় সংকট। তাই এখন থেকেই বিশুদ্ধ পানি, নিরাপদ খাবার এবং পানিবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিশু, বয়স্ক ও গর্ভবতী নারীদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রাণীপ্রেমী হিসেবে জয়া গৃহপালিত ও আশ্রয়হীন প্রাণীদের প্রতিও সহমর্মিতা দেখানোর অনুরোধ করেন। তিনি বলেন, দুর্যোগের সময় মানুষ যেমন কষ্টে থাকে, তেমনি প্রাণীরাও খাবার ও নিরাপদ আশ্রয়ের সংকটে পড়ে। তাই সামর্থ্য অনুযায়ী তাদেরও সহায়তা করা উচিত।
অভিনেতা নিলয় আলমগীরও বন্যার কারণ অনুসন্ধান করে দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো সম্ভব না হলেও শহর ও আশপাশের এলাকায় বারবার বন্যা ও জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে তিনি মানুষ ও অসহায় পশুপাখির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিও সামাজিক মাধ্যমে বন্যাদুর্গত মানুষের পাশাপাশি কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীর জন্য খাবার, পানি ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, মানুষের প্রতি মানবতা এবং সব প্রাণীর প্রতি মমত্ববোধই হওয়া উচিত সবচেয়ে বড় পরিচয়।
গায়িকা-অভিনেত্রী সাবরিনা পড়শীও বন্যার ছবি ও ভিডিও দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, যার যতটুকু সামর্থ্য আছে, সেভাবেই দুর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত। ছোট একটি সহযোগিতাও অনেক মানুষের জন্য বড় সহায়তা হতে পারে।
এর আগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নুসরাত ফারিয়া, তানজিম সাইয়ারা তটিনী, অভিনেতা ইরফান সাজ্জাদসহ আরও অনেক তারকা বন্যাদুর্গত মানুষের জন্য সহমর্মিতা প্রকাশ করে সবাইকে একযোগে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
ভোরের আকাশ/জেআ