আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে খরচ নয়, বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান রাশেদ সীমান্তের

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে বিশ্বকাপ ফুটবল ঘিরে অযথা অর্থ ব্যয় না করে সেই অর্থ বন্যার্ত মানুষের সহায়তায় ব্যয় করার আহ্বান জানিয়েছেন অভিনেতা রাশেদ সীমান্ত।
মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার আয়োজনকে কেন্দ্র করে যে টাকা খরচ করবেন, দয়া করে তা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করুন। মানবতা বিসর্জন দিয়ে খেলা নয়। যার যার অবস্থান থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। নিজেকে একটু তাদের জায়গায় চিন্তা করুন।’
রাশেদ সীমান্তের এই মানবিক আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার পোস্ট শেয়ার করে বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বানে সমর্থন জানিয়েছেন।
অল্প সময়ের অভিনয়জীবনেই দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন রাশেদ সীমান্ত। ‘যেই লাউ সেই কদু’ নাটকের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু হলেও ‘মধ্যরাতের সেবা’ নাটক তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর একের পর এক কমেডি ও সমাজসচেতনতামূলক নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।
অভিনয়ের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় রাশেদ সীমান্ত। ক্যানসার রোগীসহ অসহায় মানুষের পাশে নীরবে দাঁড়ানোর জন্য তিনি পরিচিত। বন্যাকবলিত মানুষের জন্য তার সাম্প্রতিক এই আহ্বানও সেই মানবিক উদ্যোগেরই ধারাবাহিকতা।
ভোরের আকাশ/এনএ