বলিউড অভিনেত্রী হুমা কুরেশির বাগদান, দীর্ঘদিনের প্রেমিক রচিত সিংয়ের সঙ্গে নতুন অধ্যায়

বলিউডের পরিচিত মুখ হুমা কুরেশি বরাবরই ব্যক্তিগত জীবনে চুপচাপ থাকেন। তবে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল, তিনি অভিনয় প্রশিক্ষক রচিত সিং-এর সঙ্গে সম্পর্কিত। সম্প্রতি জানা গেছে, হুমা এবং রচিতের বাগদান সম্পন্ন হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-কে হুমার ঘনিষ্ঠজন জানিয়েছেন, “হুমা তার দীর্ঘদিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিং-এর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”
তাদের সম্পর্কের গুঞ্জন প্রথম উঠে আসে গায়িকা আকাসা সিং-এর একটি পোস্টের মাধ্যমে। আকাসা লিখেছিলেন, “এক টুকরো এই স্বর্গের জন্য অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।” এরপর সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে একসঙ্গে হাজির হন হুমা ও রচিত। গোলাপি পোশাকে তাদের রসায়নও নজর কেড়েছিল। সম্প্রতি রচিতের ঘনিষ্ঠজনের জন্মদিনে আবারও একসঙ্গে দেখা গেছে।
তবে এখন পর্যন্ত হুমা বা রচিত সরাসরি কোনো মন্তব্য করেননি।
রচিত সিং একজন সুপরিচিত অভিনয় প্রশিক্ষক। তার প্রতিষ্ঠিত ‘রচিত সিং ওয়ার্কশপ’-এ ১০০-এর বেশি কর্মশালা পরিচালিত হয়েছে। গুলশন দেবাইয়া, কুণাল কাপুর, পূজা হেগডে, ভিকি কৌশল, অনুশকা শর্মা, রণবীর সিং ও বরুণ ধাওয়ানসহ অনেক তারকা তার প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
এর আগে হুমা তিন বছর পরিচালক-প্রযোজক মুদাসসার আজিজের সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০২২ সালের শেষের দিকে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ হয়। এখন ব্যক্তিগত জীবনে হুমার নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
ভোরের আকাশ//হ.র