ঈদে একসঙ্গে দুটি সিনেমা, অন্যরকম আনন্দে জয়া আহসান

চলতি বছরের ঈদুল আজহা যেন একটু ভিন্নরকম আবহ নিয়ে এসেছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্য।
দীর্ঘদিন পর ঈদ উপলক্ষে একসঙ্গে মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা— রায়হান রাফীর ‘তাণ্ডব’ এবং তানিম নূরের ‘উৎসব’। ঈদের মতো বিশেষ সময়ে এমন অভিজ্ঞতা জয়ার জন্য নতুন এবং রোমাঞ্চকর।
ঈদের আগের রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে চাঁদরাতের বেশ কিছু ছবি শেয়ার করেছেন জয়া। ক্যাপশনে লিখেছেন, ‘চাঁদরাত’ সঙ্গে দিয়েছেন একটি চাঁদের ইমোজিও। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই উপস্থিতি ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস জাগিয়েছে।
অ্যাকশনধর্মী ‘তাণ্ডব’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জয়া আহসান। যদিও এই সিনেমায় তার চরিত্র নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, রহস্য রেখেই উপস্থাপন করা হয়েছে চরিত্রটিকে। অন্যদিকে, পারিবারিক গল্পের প্রেক্ষাপটে নির্মিত ‘উৎসব’ ছবিতে জয়ার পাশাপাশি রয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে।
ঈদ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জয়া বলেন,“ও খুব লক্ষ্মী ছেলে।”
অন্যদিকে শাকিব খান জয়ার প্রশংসা করে বলেন, “জয়া আহসানের তুলনা জয়াই।”
প্রসঙ্গত, জয়া আহসানকে সর্বশেষ দেখা গিয়েছিল পিপলু আর খানের পরিচালনায় নির্মিত ‘জয়া ও শারমীন’ সিনেমায়।
এই ঈদে নতুন দুটি সিনেমা নিয়ে জয়ার পর্দায় ফেরা তাই তার দর্শক-ভক্তদের জন্যও এক রকম ঈদ উপহার হিসেবেই দেখা হচ্ছে।
ভোরের আকাশ।।হ.র