বক্স অফিসে ‘মাইকেল’ ঝড়, ৫ দিনে আয় ২ হাজার কোটি

পপসম্রাট মাইকেল জ্যাকসন-এর জীবনভিত্তিক বহুল প্রতীক্ষিত বায়োপিক মাইকেল মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নানা বিতর্ক ও সমালোচনা থাকলেও বক্স অফিসে সিনেমাটির দাপট একেবারেই কমেনি। বরং আয়ের পরিসংখ্যানই বলছে—দর্শক আগ্রহ এখনো তুঙ্গে।
অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমাটি মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ২১৮.৮৩ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার কোটিরও বেশি। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে আয়ের দিক থেকে এটি ইতোমধ্যে শীর্ষ তালিকার দিকে উঠে এসেছে।
দিনভিত্তিক আয়ের চিত্রও বেশ চোখে পড়ার মতো। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করে প্রায় ৩৯ মিলিয়ন ডলার। দ্বিতীয় দিনে আয় কিছুটা কমলেও তৃতীয় দিন পর্যন্ত ধারাবাহিকভাবে শক্ত অবস্থান ধরে রাখে। প্রথম তিন দিনে মোট আয় দাঁড়ায় প্রায় ৯৭ মিলিয়ন ডলার। এরপরের দুই দিনে আন্তর্জাতিক বাজারের দাপটে আয় আরও বেড়ে মোট সংগ্রহ ছাড়িয়ে যায় ২১৮ মিলিয়ন ডলার।
প্রায় ১৫৫ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁরই ভাইপো জাফার জ্যাকসন। পর্দায় তাঁর পারফরম্যান্স দর্শক ও সমালোচকদের প্রশংসা পেলেও, মাইকেলের জীবনের কিছু বিতর্কিত দিক তুলে ধরা হয়নি—এমন অভিযোগও উঠেছে নির্মাতাদের বিরুদ্ধে।
জাফার জ্যাকসনের পাশাপাশি ছবিতে আরও অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার এবং কেনড্রিক স্যাম্পসনসহ আরও অনেকে। মুক্তির প্রথম সপ্তাহেই যে গতিতে সিনেমাটি আয় করছে, তাতে ধারণা করা হচ্ছে—‘মাইকেল’ খুব দ্রুতই চলতি বছরের অন্যতম সফল সিনেমা হিসেবে নতুন রেকর্ড গড়তে পারে।
ভোরের আকাশ/সু.পা