টম লাথাম মিরপুর স্পিন সহায়ক উইকেটে চ্যালেঞ্জ দেখছেন

উপমহাদেশের উইকেট সাধারণত স্পিন সহায়ক হিসেবে পরিচিত। আর মিরপুরের উইকেটকে অনেকেই “স্পিন স্বর্গ” হিসেবে বিবেচনা করেন। তবে গত সিরিজে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেলেও, স্পিনারদের প্রভাব এখনো উল্লেখযোগ্য। আসন্ন ওয়ানডে সিরিজে তাই মিরপুরের উইকেট বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে বলে মনে করেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লাথাম বলেন, উইকেট ভালো মনে হচ্ছে এবং আগের সিরিজ, বিশেষ করে পাকিস্তান সিরিজ থেকে দল কিছু ধারণা নিচ্ছে। তার মতে, মূল বিষয় হলো কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া।
তিনি আরও বলেন, ঢাকায় কয়েকদিন অনুশীলন করার পর দল মাঠে নামতে মুখিয়ে আছে এবং একই সঙ্গে অভিজ্ঞতা অর্জনের সুযোগও দেখছে।
সিরিজের সব ম্যাচই সকাল ১১টায় শুরু হবে। এ বিষয়ে লাথাম বলেন, দিনের ম্যাচে খেলার সময় আবহাওয়া ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ হবে। তার মতে, বাংলাদেশের স্পিন ও পেস উভয় বিভাগই শক্তিশালী, ফলে প্রতিটি ম্যাচেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও কথা বলেন কিউই অধিনায়ক। তিনি বলেন, খেলোয়াড়দের তাদের স্বাভাবিক দক্ষতা অনুযায়ী খেলতে হবে এবং ঘরোয়া ক্রিকেটে যে পারফরম্যান্স তারা দেখিয়েছে, আন্তর্জাতিক মঞ্চেও সেটি কাজে লাগাতে হবে।
লাথাম আরও উল্লেখ করেন, অনেক খেলোয়াড় আইপিএল বা অন্যান্য লিগের কারণে সিরিজ মিস করায় নতুনদের সুযোগ তৈরি হচ্ছে, যা নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য ইতিবাচক দিক। তার মতে, এতে স্কোয়াড বড় হচ্ছে এবং খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ছে।
ভোরের আকাশ/সু.পা