পর্দায় ফিরছে পরীমণি-নীরব জুটি?

বিনোদন জগতের আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘গোলাপ’ নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের ধোঁয়াশা অবশেষে কাটতে চলেছে। নানা অনিশ্চয়তা ও একাধিকবার শুটিং পিছিয়ে যাওয়ার পর আবারও নতুন করে আশার আলো দেখছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক নীরব।
দীর্ঘ বিরতির পর সিনেমাটি ঘিরে ফের শুরু হয়েছে জোর আলোচনা, যা এই জুটির পর্দায় প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি নীরবের সঙ্গে তোলা একটি ছবি পরীমণি তার ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন। সিনেমার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘গোলাপ’ নিয়ে দুজনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।
এ বিষয়ে দেশের এক গণমাধ্যমকে নীরব বলেন, বেশ কয়েকবার চলচ্চিত্রটির নির্মাণ কাজ পিছিয়েছে। আমরা চাই, খুব শিগগির শুটিংয়ে যেতে। বিষয়টি নিয়ে নিয়মিত আলোচনা চলছে। পরীমণির সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে।
ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে থ্রিলারধর্মী এ চলচ্চিত্র। সিনেমাটির গল্প ও চিত্রনাট্যকার অনিক বিশ্বাস। গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ‘গোলাপ’ পরিচালনা করছেন সামছুল হুদা। কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে পরীমণি ও নীরবকে।
ভোরের আকাশ/জেআ