এবারের কান উৎসবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উর্বশী রাউতেলা

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে প্রতিবারের মতো এবারও আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। তবে আলোচনার চেয়ে সমালোচনাই যেন তাকে ঘিরে বেশি। প্রথম দিনেই হাতে বহুমূল্য কাকাতুয়া আকৃতির ব্যাগ নিয়ে লাল গালিচায় পা রেখে ট্রোলের মুখে পড়েন এই অভিনেত্রী।
এরপর দ্বিতীয় দিনে ছেঁড়া ডিজাইনের একটি পোশাক পরে রেড কার্পেটে হাজির হয়ে সমালোচনার মাত্রা আরও বাড়ান তিনি। তৃতীয় দিনেও বিতর্ক পিছু ছাড়েনি—এবার ব্রা-সাইজের ব্যাগ হাতে নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করেন এবং অতিরিক্ত সময় ধরে ক্যামেরার সামনে পোজ দিয়ে পশ্চিমা তারকাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ান।
পোশাক কিংবা পোজ—সবকিছুতেই যেন বিতর্কে থাকতেই পছন্দ করছেন ঊর্বশী। কখনও ওরির সঙ্গে ভিডিও পোস্ট, কখনও আবার ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে নিজের তুলনা করে নিজেই হয়েছেন ট্রলের শিকার।
সবশেষ, নতুন করে আলোচনায় আসেন হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওকে নিয়ে মন্তব্য করে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিওনার্দোর সঙ্গে দুটি সেলফি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “যখন লিওনার্দো তোমায় কানের রানি বলে ডাকে! ধন্যবাদ, লিও... এটা হলো টাইটানিক কমপ্লিমেন্ট।”
তবে ঊর্বশীর এই দাবি নিয়ে বেশ সন্দিহান নেটিজেনরা। কেউ কেউ বলছেন, “এটা বোধ হয় শুধু আপনিই বলতে পারেন।” আবার কেউ মন্তব্য করেছেন, “অভিনেতা কিন্তু আপনার থেকে অনেক বড়, উনি এই ধরনের মন্তব্য করতেই পারেন না।”
ছবি যতই ভাইরাল হোক, ঊর্বশীর বিতর্কিত উপস্থিতি যেন এবারও কানের রেড কার্পেটে ছাপ রেখে গেল—সমালোচনায়, না প্রশংসায়, তা নির্ধারণ করছে সোশ্যাল মিডিয়ার উত্তাল প্রতিক্রিয়া।
ভোরের আকাশ//হ.র