‘টিলটিপ’ নিয়ে আসছেন সুনেরাহ

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল নতুন ওয়েব ফিল্ম ‘টিলটিপ’ নিয়ে দর্শকদের সামনে আসছেন। চলচ্চিত্রটির পরিচালনা করেছেন নির্মাতা শরিফুল আবির।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ডাবিং স্টুডিও থেকে একটি ভিডিও শেয়ার করেন সুনেরাহ। সেখানে তাকে ডাবিং বুথে সংলাপ বলতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘Can’t wait to show you guys.’ সংক্ষিপ্ত এই বার্তাই ভক্তদের মধ্যে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।
যদিও নির্মাতার পক্ষ থেকে এখনো চলচ্চিত্রটির গল্প, চরিত্র, ওটিটি প্ল্যাটফর্ম কিংবা মুক্তির তারিখ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে ডাবিংয়ের কাজ প্রায় শেষ হওয়ায় শিগগিরই ফার্স্ট লুক, পোস্টার বা টিজার প্রকাশ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা। অনেকেই মন্তব্য করেছেন, নতুন একটি শক্তিশালী চরিত্রে সুনেরাহকে দেখার অপেক্ষায় রয়েছেন।
বর্তমানে একাধিক চলচ্চিত্র ও ডিজিটাল প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি প্রচারে আসা তার অভিনীত নাটক **‘ঝরা বকুল’**ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটকটিতে সুনেরাহর ‘মনিরা’ চরিত্রটি বিশেষভাবে আলোচিত হয়েছে।
ভোরের আকাশ/জেআ