সংরক্ষিত নারী আসন
৩৬ জনের লিষ্টে নেই বেবি নাজনিন

সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে আলোচিত এই তালিকায় জায়গা হয়নি জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত বেবি নাজনিনের।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত তালিকায় রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
দলীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৯ এপ্রিল) রাতে বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের বৈঠকে ত্যাগী, যোগ্য ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন নারী নেত্রীদের অগ্রাধিকার দিয়ে এই তালিকা চূড়ান্ত করা হয়।
এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে প্রার্থীরা আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা তুলে ধরেন এবং দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার করেন।
তবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকা সত্ত্বেও এবার তালিকায় জায়গা না পাওয়ায় বেবি নাজনিন-কে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।