ট্রেলারেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে ‘রাক্ষস’

ঈদ সামনে রেখে ঢালিউডে নতুন সিনেমা মুক্তির তোড়জোড় শুরু হয়েছে। বৃহস্পতিবার পোস্টার মুক্তির পর অবশেষে প্রকাশ্যে এসেছে মেহিদী হাসান হৃদয় পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাক্ষস’-এর ট্রেলার। চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত ২ মিনিট ১৩ সেকেন্ডের এই ট্রেলারটি ইতোমধ্যেই ঝড় তুলেছে নেটদুনিয়ায়।
ট্রেলারের শুরুতেই সিয়ামকে গম্ভীর কণ্ঠে বলতে শোনা যায়, ‘নারী কিসে আটকায়? নারী বলে মায়ায়, ভালোবাসায়। আমি বলি নারী আটকায় লোভে।’ এ সংলাপ থেকে বোঝাই যাচ্ছে যে, এবার এক পাগলাটে প্রেমের গল্প নিয়ে পর্দায় হাজির হতে চলেছেন এই নায়ক।
শুক্রবার মধ্যরাতে অপেক্ষার অবসান ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলারটি শেয়ার করেন সিয়াম নিজিই। ক্যাপশনে তিনি লেখেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে, আর তখনই শুরু হয় কোপ।’
পুরো ট্রেলারজুড়ে সহিংস অ্যাকশন ও মারকাটারি উপস্থিতিতে ধরা দিয়েছেন সিয়াম আহমেদ। রক্ত ভেজা হাতে ধারাল অস্ত্রের কোপে একের পর এক লাশ ফেলছেন। লম্বা চুল, গালভর্তি দাড়ি ও কমপ্লিট স্যুটে এক ভয়ংকর অবতারে হাজির হয়েছেন তিনি।
তবে ট্রেলার দেখা যায় নতুন চমক। মেহেদী হাসানের প্রথম সিনেমা ‘বরবাদ’-এর মতো ‘রাক্ষস’-এ দেখা যাবে জনপ্রিয় ‘জিল্লু’ চরিত্রকে। গতবারের মতো এবারও ‘জিল্লু’কে পর্দায় ফুটিয়ে তুলবেন ওপার বাংলার অভিনেতা শ্যাম ভট্টাচার্য। এ ছাড়া ট্রেলারের শেষে চেহারা প্রকাশ না করেই দেখানো হয় এক খলনায়ককে। কে সেই ব্যক্তি! এই রহস্য উন্মোচন করতে হলে ঈদুল ফিতর পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।
সিনেমায় সিয়ামের বিপরীতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে। ‘রাক্ষস’-এর মাধ্যমে প্রথম ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর। এ ছাড়া সিনেমায় আইটেম গানে সিয়ামের সঙ্গে কোমর দোলাতে দেখা যাবে বলিউড ও হলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে।
ভোরের আকাশ/আ.র