অভিনয় ছেড়ে সাংবাদিকতা করবেন মোশাররফ করিম: বললেন ভবিষ্যৎ পরিকল্পনা

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, যদি কখনো অভিনয় ছেড়ে দেন, তাহলে তিনি সাংবাদিকতায় মনোযোগ দেবেন। দীর্ঘদিন ধরে অভিনয় জগতে বহুমাত্রিক প্রতিভার পরিচয় দেওয়া এই অভিনেতা বলেন, সাংবাদিকতা তাকে সবসময় আকর্ষণ করেছে।
মোশাররফ করিম বলেন, “অভিনয় থেকে দূরে থাকতে আমার ১০-১২ দিনের বেশি সময় সম্ভব হয় না। মাঝে মাঝে ভাবি, অভিনয় ছেড়ে দেব, কিন্তু তারপর আবার মনে হয়, আমি অন্য কোনো কাজ ভালোভাবে করতে পারব না।” তিনি জানান, লেখালেখি ও সাংবাদিকতার প্রতি তার আগ্রহ রয়েছে এবং অনেক দিন থেকেই তার ইচ্ছে ছিলো দেশের বিশিষ্ট সাংবাদিকদের ইন্টারভিউ নেওয়ার।
অভিনেতা সাংবাদিকতা পেশাকে শ্রদ্ধার চোখে দেখেন। তিনি বলেন, “সাংবাদিকতার সৃজনশীলতা মানুষের অনুভূতি ও উপলব্ধি তুলে আনার শক্তি রাখে। আলাপ-আলোচনা মানুষের চিন্তাধারা প্রসারিত করে, অন্যদেরও সমৃদ্ধ করে। তাই কোনো দিন অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতেও পারি।”
তবে মোশাররফ করিম এখনও অভিনয় থেকে সরে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেননি। তার এই পরিকল্পনা তার সমাজ সচেতন চিন্তার দিকটি তুলে ধরেছে। তার মন্তব্যে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে—অনেকে তাকে সাংবাদিকতায় দেখতে চান, আবার কেউ বলছেন, তাঁকে শুধুমাত্র অভিনয়ের মঞ্চেই দেখতে চান।
সূত্র: সময় টিভি
ভোরের আকাশ//হ.র