নারীর বঞ্চনা ও নির্যাতনের গল্প নিয়ে মঞ্চে ‘ঈশ্বর তুমি কোথায়’

সমাজে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও নির্যাতনের নির্মম বাস্তবতা তুলে ধরতে মঞ্চে আসছে থিয়েটার চারণিকের একক নাটক ‘ঈশ্বর তুমি কোথায়’।
নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন জুয়েল কবির। একক অভিনয়ে থাকছেন পলি পারভীন।
নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘তাসমিদা জোহর’ একজন ব্যক্তির গল্প নয়; বরং সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন বাস্তবতায় নিপীড়িত প্রতিটি নারীর প্রতীক। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত একজন নারীর জীবনে বৈষম্য, অনিরাপত্তা, সহিংসতা ও নিপীড়নের যে অভিজ্ঞতা, তা নাটকটিতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতাকে সমাজের ভয়াবহ ব্যাধি হিসেবে উপস্থাপন করা হয়েছে।
নাট্যকার ও নির্দেশক জুয়েল কবির বলেন, "যেদিন সমাজে নারী জীবনের এই করুণ বাস্তবতার পরিবর্তন হবে এবং এই নাটকের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে, সেদিনই এই নাটক লেখা সার্থক হবে।"
থিয়েটার চারণিকের প্রযোজনায় নাটকটি আগামী ১০, ১১ ও ১২ জুলাই প্রতিদিন সন্ধ্যা ৭টায় জাতীয় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে।
আয়োজকদের আশা, নাটকটি শুধু বিনোদনই নয়, নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা বিষয়ে সামাজিক সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নাট্যপ্রেমী ও সংস্কৃতিমনা দর্শকদের নাটকটি উপভোগের আহ্বান জানিয়েছেন তারা।
ভোরের আকাশ/এনএ