"যে সবার, সে আসলে কারোরই না"—ফেসবুক স্ট্যাটাসে পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি আবারও সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন—"যে সবার, সে আসলে কারোরই না। সে মূলত ফ্রিল্যান্সার।"
এই রহস্যময় মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকেই মন্তব্যের ঘরে রসিকতা করেছেন, কেউ কেউ আবার জানতে চেয়েছেন—পরীমনি এই কথার মাধ্যমে কাকে ইঙ্গিত করেছেন?
একই দিনে আরেকটি স্ট্যাটাসে পরীমনি জানান, তার ছেলে রাজ্যর জন্মদিন আগামী ১০ আগস্ট। এ উপলক্ষে থাকছে বর্ণাঢ্য আয়োজন। প্রতিবারের মতো এবারও জন্মদিনের অতিথিদের জন্য নির্ধারিত ড্রেস কোড ঘোষণা করেছেন তিনি—এবারের থিম "মেরুন রং"।
প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ—সব কিছুই পরীমনির জীবনে ঘটেছে প্রকাশ্যেই। অভিনেতা শরীফুল রাজ এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা সময় আলোচনায় ছিলেন তিনি। তবে বর্তমানে তিনি তার দুই সন্তান—রাজ্য ও প্রিয়মকে নিয়ে গড়ে তুলেছেন এক সুখের সংসার। সন্তানদের নিয়েই কেটে যাচ্ছে তার আনন্দঘন সময়।
অনেকদিন ধরেই নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না পরীমনিকে। যদিও তার ভক্তরা আশা করছেন, খুব শিগগিরই তিনি আবার ফিরবেন নতুন প্রজেক্ট নিয়ে।
তবে এরই মধ্যে তার সোশ্যাল মিডিয়া উপস্থিতি বলছে—পরীমনি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন, এবং থাকবেনও।
ভোরের আকাশ//র.ন