তামান্না ভাটিয়ার কোটি টাকা ক্ষতিপূরণের দাবি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার ব্র্যান্ড ভ্যালু এখন তুঙ্গে। তবে একটি সাবান প্রস্তুতকারক সংস্থার সঙ্গে তার পুরোনো চুক্তি ঘিরে তৈরি হয় আইনি জটিলতা। গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৭ অক্টোবর ওই সংস্থার সঙ্গে তামান্নার একটি চুক্তি হয়, যেখানে ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত তাদের পণ্যের মোড়ক ও প্রচারণায় তার ছবি ব্যবহারের অনুমতি ছিল।
তামান্নার অভিযোগ, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও সংস্থাটি তার অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন ও পণ্যের প্রচারে তার ছবি ব্যবহার করে আসছিল। এতে তার পেশাদার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করে তিনি ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেন।
তবে আদালত তার আবেদন খারিজ করে দেয়। বিচারপতির পর্যবেক্ষণে বলা হয়, অভিনেত্রীর পক্ষ থেকে উপস্থাপিত নথি ও যুক্তি ক্ষতিপূরণ দাবির জন্য যথেষ্ট নয়। ফলে ১ কোটি টাকার ক্ষতিপূরণের আবেদনটি সরাসরি বাতিল হয়ে যায়। এর আগে ওই সংস্থার সঙ্গে তার প্রায় ৬.২ কোটি টাকার বিজ্ঞাপন চুক্তি ছিল। পরে বিজ্ঞাপন নিয়ে জনমনে অসন্তোষ তৈরি হলে সংস্থাটি প্রচারণা থেকে তামান্নার ছবি সরিয়ে নেয়। আদালতের এই রায়কে অভিনেত্রীর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা