বিরতির পর বুবলীর কামব্যাক কবে?

রোজার ঈদে রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন শবনম বুবলী। তবে এরও আগে থেকেই তিনি নিজেকে অনেকটা আড়ালে রেখেছিলেন। পরে জানা যায়, সে সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। কিছুদিন পর সামাজিক মাধ্যমে নিজের সন্তানের বিষয়টি প্রকাশ করে জানান, তিনি এক পুত্রসন্তানের মা। সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান।
মাতৃত্বের খবরে আলোচনার কেন্দ্রে উঠে আসেন বুবলী। কিন্তু কাজের খবরে ফিরবেন কবে? সেটারই আভাস মিলল এবার। নতুন ছবি ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াবেন ‘বসগিরি’ অভিনেত্রী।
খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন ছবির নির্মাতা জাহিদ হোসেন। তিনি জানান, বুবলীর সঙ্গে তার যোগাযোগ হয়েছে। শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সেপ্টেম্বর নাগাদ শুটিংয়ে অংশ নেবেন অভিনেত্রী। ছবিতে বুবলীর সঙ্গে আছেন আদর আজাদ। এ অভিনেতার সঙ্গে কোরবানির ঈদে এসেছে তার ‘পিনিক’; যদিও ছবিটি দর্শককে আকৃষ্ট করতে পারেনি।
নির্মাতা জানিয়েছেন, পুরান ঢাকার সংস্কৃতি উঠে আসবে এই ছবিতে। তবে মূল কেন্দ্রে থাকবে এক শিয়া যুবক ও সুন্নি তরুণীর সম্পর্ক। বাংলার পাশাপাশি উর্দু ভাষায়ও সংলাপ দেবেন বুবলী-আদর।
নির্মাতা জাহিদ বলেন, ‘বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছু দিন সময় নেবেন, তাই আমরা এর মধ্যে অন্যান্য অংশের শুটিং শুরু করতে যাচ্ছি।’
যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি বুবলী। এমনকি মা হওয়ার পর থেকে গণমাধ্যমও এড়িয়ে চলছেন অভিনেত্রী।
ভোরের আকাশ/জেআ