রুনা লায়লা–বাপ্পার যুগল কণ্ঠে বাংলা গজল

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা এবং সমসাময়িক জনপ্রিয় গায়ক ও সুরকার বাপ্পা মজুমদার—দুই প্রজন্মের সুরের মেলবন্ধনে তৈরি হয়েছে নতুন গান ‘অনায়াসে’। সম্পূর্ণ ভিন্ন ঘরানার এই বাংলা গজলধর্মী গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
দীর্ঘ বিরতির পর একেবারেই নতুন ধাঁচের একটি গজলধর্মী গানে কণ্ঠ দিয়েছেন সুরসম্রাজ্ঞী রুনা লায়লা। শুরুতে এটি তাঁর একক কণ্ঠে গাওয়ার পরিকল্পনা থাকলেও পরে গানটিতে যুক্ত হন বাপ্পা মজুমদার, যা গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় রুনা লায়লা নিজেই এই খবরটি জানান। তিনি বলেন, বাপ্পা মজুমদার প্রথমে তাঁকে জানান যে তাঁর জন্য একটি গান তৈরি করা হয়েছে। গানটি শোনার পর রুনা লায়লার মনে হয়, এটি এককভাবে নয় বরং যুগল কণ্ঠে হলে আরও বেশি মানানসই হবে। এরপর তিনি নিজেই বাপ্পাকে প্রস্তাব দেন একসঙ্গে গানটি করার জন্য।
ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, বাপ্পা প্রথমে অবাক হলেও পরে তারা দুজন মিলে গানটি রেকর্ড করেন। রুনা লায়লার মতে, বাংলা ভাষায় গজলধর্মী গান তুলনামূলকভাবে কম, তাই ‘অনায়াসে’ শ্রোতাদের জন্য একটি ভিন্নধর্মী উপহার হয়ে উঠবে।
গানটির কথা লিখেছেন গালিব হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১৬ তারিখে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে বলে জানা গেছে। সংগীত সংশ্লিষ্টদের মতে, রুনা লায়লা ও বাপ্পা মজুমদারের এই যৌথ প্রয়াস বাংলা সংগীতে নতুন এক মাত্রা যোগ করবে।
ভোরের আকাশ/সু.পা