বাদল সরকারের ১০১তম জন্মবার্ষিকীতে মঞ্চে ‘ত্রিংশ শতাব্দী’

প্রখ্যাত নাট্যকার ও নাট্যতাত্ত্বিক বাদল সরকারের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ মঞ্চায়নের আয়োজন করেছে দেশের জনপ্রিয় নাট্যদল স্বপ্নদল। এ উপলক্ষে আগামী ১৩ জুলাই (সোমবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হবে যুদ্ধবিরোধী গবেষণাগার নাটক ‘ত্রিংশ শতাব্দী’।
বাদল সরকারের মূল রচনার আলোকে নির্মিত নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। যুদ্ধ, সহিংসতা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ হিসেবে দীর্ঘদিন ধরে নাটকটি মঞ্চস্থ করে আসছে স্বপ্নদল।
নাটকটির মূল উপজীব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ভয়াবহ পরিণতি। একই সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন সংঘাত ও মানবিক সংকটের চিত্রও এতে উঠে এসেছে। যুদ্ধবাজ শক্তির ধ্বংসাত্মক পরিণতি তুলে ধরে শান্তি ও মানবতার পক্ষে দর্শকদের সচেতন করাই এ প্রযোজনার মূল লক্ষ্য।
আয়োজকদের পক্ষ থেকে নাট্যপ্রেমীদের বিশেষ এই প্রদর্শনী উপভোগের আমন্ত্রণ জানানো হয়েছে। আগ্রহীরা নির্ধারিত নম্বরে যোগাযোগ করে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।
অগ্রিমবুকিং-এর জন্য যোগাযোগ করুন: ০১৭১৮৯০২০১৮, ০১৭১৫১০২৮৭১
ভোরের আকাশ/এনএ