প্রতিদিন নিজের শরীরকে ধন্যবাদ জানান তামান্না

নিজেকে ভালোবাসার বার্তা দিলেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিদিন নিজের শরীরকে ধন্যবাদ জানান তিনি—এমনকি দিনে শেষে গোসলের সময়ও শরীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তামান্না বলেন, “আমি সত্যিই আমার শরীরকে ভালোবাসি। ব্যস্ত দিনের শেষে যখন গোসল করি, তখন শরীরের প্রতিটি অংশে হাত বুলিয়ে তাকে ধন্যবাদ জানাই। এটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি জানি প্রতিদিন সে কত কিছু সহ্য করে।”
তামান্নার এই মন্তব্য নিছক ব্যক্তিগত অনুভব নয়—বরং নিজের শরীর, মন ও সৌন্দর্য নিয়ে প্রচলিত ধারণার বিরুদ্ধে এক স্পষ্ট অবস্থান। আত্মবিশ্বাস আর আত্মসম্মান নিয়ে যাঁরা লড়ছেন, তাদের জন্য এই বার্তা হতে পারে এক অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, “একটা সময় আমি ভাবতাম ছিপছিপে চেহারা মানেই সুন্দর। কিন্তু পরে বুঝেছি, ওটা আসলে আমাকে ভালো লাগাতো না। আমার সৌন্দর্যের অনুভব কখনও ওজনের ওপর নির্ভর করত না।”
তামান্না জানান, ছোটবেলায় তার মধ্যেও সৌন্দর্য নিয়ে সমাজে প্রচলিত ধারণা কাজ করত। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝেছেন, সৌন্দর্য কিংবা আত্মমূল্যবোধ শরীরের আকার-আকৃতিতে সীমাবদ্ধ নয়।
সম্প্রতি তামান্নাকে দেখা গেছে ‘সিকান্দর কা মুকাদ্দর’ চলচ্চিত্রে, যেখানে তার সহশিল্পী ছিলেন অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিল।
ভোরের আকাশ/হ.র