বিদেশমুখী কনসার্টের ব্যস্ততায় শিল্পীরা

প্রবাসী বাঙালিদের আহ্বানে সাড়া দিয়ে আবারও বিদেশের মঞ্চে ছুটছেন দেশের সংগীতশিল্পী ও ব্যান্ডগুলো। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা গানের শ্রোতাদের কাছে পৌঁছাতেই তাদের এই ব্যস্ততা। সাধারণত বছরের নির্দিষ্ট সময়ে বিদেশ সফর বাড়লেও এবার বাংলা নববর্ষকে কেন্দ্র করে আগেভাগেই শুরু হয়েছে কনসার্ট আয়োজন।
সম্প্রতি ঢাকা ব্যান্ডের কণ্ঠশিল্পী মাকসুদুল হক কানাডার ক্যালগারিতে ‘বৈশাখী মেলা’ কনসার্টে অংশ নিয়েছেন। একইভাবে যুক্তরাষ্ট্রের মায়ামিতে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তপন চৌধুরী, সুজন আরিফসহ আরও কয়েকজন শিল্পী গান পরিবেশন করেছেন। অপর ব্যান্ড ‘শিরোনামহীন’ অস্ট্রেলিয়ার সিডনি থেকে তাদের ওশেনিয়া সফর শুরু করেছে। সিডনির পর তারা ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া, তাসমানিয়া ও পশ্চিম অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করবে।
এদিকে সময়ের আলোচিত শিল্পী তাসনিম আনিকা জাপানে একাধিক অনুষ্ঠানে অংশ নিতে গেছেন। পাশাপাশি এলিটা করিম ও জেফার যুক্তরাষ্ট্রে সংগীত সফরের ঘোষণা দিয়েছেন। দেশের জনপ্রিয় ব্যান্ড আর্ক চার মাসের দীর্ঘ সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছে। জুন থেকে শুরু হয়ে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরজুড়ে বিভিন্ন শহরে তাদের কনসার্ট অনুষ্ঠিত হবে। ব্যান্ডটির কণ্ঠশিল্পী হাসান বলেন, স্টেজ শো শিল্পীদের পেশাদারিত্ব ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিদেশ সফর সে সুযোগ তৈরি করে।
একই মত প্রকাশ করেছেন সোলস ব্যান্ডের কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া। তিনি জানান, বিদেশের কনসার্ট শিল্পীদের আর্থিকভাবে সহায়তা করার পাশাপাশি প্রবাসী শ্রোতাদের সঙ্গে একটি আবেগী সম্পর্ক গড়ে তোলে।
অন্যদিকে ডি’রকস্টার তারকা শুভ তার ব্যান্ড ‘শুভযাত্রা’ নিয়ে তিন মাসের সফরে কানাডা যাচ্ছেন। সেখানে একাধিক কনসার্টে অংশ নেবেন তিনি।
শিল্পীদের মতে, বিদেশের কনসার্ট শুধু পেশাদারিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রেই নয়, প্রবাসে থাকা বাংলা গানের শ্রোতাদের দীর্ঘদিনের অপেক্ষারও অবসান ঘটায়। তাই দেশের কনসার্টের ব্যস্ততা কম থাকলেই গানের টানে শিল্পীরা ছুটে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে।
ভোরের আকাশ/সু.পা