জাল টাকায় প্রতারিত সেই গরু বিক্রেতাকে ওমরাহ পালনে পাঠালেন অপু বিশ্বাস

রাজধানীর দিয়াবাড়ির কোরবানির পশুর হাটে জাল টাকায় প্রতারিত হওয়া নাটোরের গরু বিক্রেতা রইস উদ্দিন এখন পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবের পথে। চিত্রনায়িকা অপু বিশ্বাসের আর্থিক সহায়তায় ও আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা দেন।
গত কোরবানির ঈদের আগে উত্তরার দিয়াবাড়ি গরুর হাটে নিজের লালন-পালন করা গরুটি বিক্রি করতে গিয়ে ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই জাল পান রইস উদ্দিন। হতভম্ব ও বিমর্ষ রইস উদ্দিনের কান্না ছুঁয়ে যায় সারা দেশের মানুষকে। সেই মর্মস্পর্শী ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
পরবর্তীতে তার পাশে দাঁড়ায় আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। প্রথম ধাপে তাকে দেওয়া হয় নগদ ৫০ হাজার টাকা। এরপর বিভিন্ন ব্যক্তি ও সংগঠন থেকেও আসে সহায়তা। এ সময়েই মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে রইস উদ্দিনের ওমরাহ পালনের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেন অপু বিশ্বাস। ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সম্পন্ন হয় যাবতীয় প্রক্রিয়া।
রওনা হওয়ার আগে রইস উদ্দিন গণমাধ্যমকে বলেন, “অপু বিশ্বাস আমাকে কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। আমি ওমরাহ পালন করতে যাচ্ছি—এই অনুভূতি ভাষায় বোঝাতে পারব না।”
অপু বিশ্বাস বলেন, “তিনি আমার বাবার বয়সী। যদি আমি তার মেয়ে হতাম, এমন কিছুই করতাম। তিনি যেন আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করেন—এটাই আমার চাওয়া। তাকে ওমরাহ পালনে পাঠাতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়।”
এ ঘটনাটি প্রমাণ করে, মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতা এখনও বেঁচে আছে সমাজে। জাল নোটের হতাশা থেকে পবিত্র ভূমিতে যাত্রা—রইস উদ্দিনের জীবনে এই নাটকীয় মোড় যেন অশ্রুর বদলে এক শ্রেষ্ঠ উপহার।
ভোরের আকাশ//হ.র