আলী আদ্রীয়ান জাহেদীর আন্তর্জাতিক সাফল্য

তরুণ বাংলাদেশি প্রতিভা আলী আদ্রীয়ান জাহেদী নেতৃত্ব ও আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে স্বীকৃতি অর্জন করে নতুন সাফল্যের নজির স্থাপন করেছে। সর্বশেষ, সে হাউস অব ইয়ুথ ডায়ালগ আয়োজিত ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি (ইউএনজিএ) সেশন–২ মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনে ‘আউটস্ট্যান্ডিং ডেলিগেট’ স্বীকৃতি অর্জন করে।
২৫ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই সম্মেলনে সে স্টেট অব ইসরায়েলের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে। আয়োজকদের মতে, তার অসাধারণ পারফরম্যান্স, কূটনৈতিক যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, বিশ্লেষণী চিন্তাশক্তি এবং সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতেই তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়। এ উপলক্ষে তাকে একটি স্মারক ক্রেস্টও প্রদান করা হয়।
আলী আদ্রীয়ান জাহেদীর সৃজনশীল যাত্রা শুরু হয় শৈশব থেকেই। মাত্র তিন বছর বয়সে টেলিভিশন ফিকশন ‘পকেট এ’ অংশগ্রহণের মাধ্যমে তার মিডিয়া যাত্রা শুরু হয়। পরে সে তার বাবা নির্মাতা আলী জুলফিকার জাহেদী পরিচালিত চলচ্চিত্র ‘কাগজ: দ্য পেপার’-এ অভিনয় করে।
মাত্র সাত বছর বয়সে আলী আদ্রীয়ান চলচ্চিত্র নির্মাণে যুক্ত হয়। তার পরিচালিত ও অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কোভিড ২০২০’ আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি লাভ করে।
চলচ্চিত্রটি রাশিয়ার দ্য কপার ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল থেকে অনারেবল মেনশন অর্জন করে। এছাড়া যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ওয়ার্ল্ড ইমপ্যাক্ট ফিল্ম ফেস্টিভ্যাল (SWIFF)-এ এটি বেস্ট সুপার শর্ট ফিল্ম বিভাগে কোয়ার্টার-ফাইনালিস্ট অ্যাওয়ার্ড লাভ করে। এই উৎসবটি তরুণ নির্মাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, যেখানে অংশগ্রহণকারীদের সৃজনশীল বিকাশ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ দেওয়া হয়।
অল্প বয়সেই এমন আন্তর্জাতিক স্বীকৃতি আলী আদ্রীয়ানের সৃজনশীল সম্ভাবনা ও আত্মবিশ্বাসের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে সে কানাডিয়ান ট্রিলিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, পড়াশোনার পাশাপাশি সে নিয়মিতভাবে নেতৃত্ব উন্নয়ন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। তারা আশা প্রকাশ করেন, এসব অর্জন ভবিষ্যতে তাকে আরও বড় সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।
ভোরের আকাশ/সু.পা