বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর, আলিয়ার শুভেচ্ছা

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন-এর ২০২৬ সালের এই তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে স্থান পেয়েছেন তিনি। টাইমসের তালিকা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন রণবীর। এ তালিকায় আরও রয়েছেন গুগল সিইও সুন্দর পিচাই ও শেফ বিকাশ খান্নার মতো প্রভাবশালী ভারতীয় ব্যক্তিত্বরা।
রণবীরের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে তিনি স্বামীকে অভিনন্দন জানান। পাশাপাশি মজার ছলে রণবীরের কাছে আইসক্রিম খাওয়ার বিশেষ আবদারও করেন আলিয়া। বর্তমানে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর কাপুর। ছবিতে তার ‘রাম’ চরিত্র ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটি আগামী অক্টোবর মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে আলিয়া ভাট নিজেও টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছিলেন। এবার স্বামীর এই আন্তর্জাতিক স্বীকৃতিতে কাপুর পরিবারে যুক্ত হলো নতুন গৌরব।
ভোরের আকাশ/সু.পা