নতুন লাক্স সুপারস্টার বর্ণিতা

প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ সাত বছর পর নতুন ‘লাক্স সুপারস্টার’ পেল বাংলাদেশ। শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী) আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীর মুকুট মাথায় তোলেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। লক্ষাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই গৌরব অর্জন করেন।
চূড়ান্ত বিজয়ী হিসেবে বর্ণিতার নাম ঘোষণার পর তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। পুরস্কার গ্রহণকালে তিনি বলেন, পুরস্কার ঘোষণার সময় আমার পা কাঁপছিল। যখন যাত্রা শুরু করি, ভাবিনি এতদূর আসতে পারব। আল্লাহর রহমতে এবং নিজের পরিশ্রমে আজ আমার স্বপ্ন পূরণ হলো। জীবনে সবসময় কোথাও প্রথম হওয়ার ইচ্ছা ছিল, আজ তা সত্যি হলো।
বিজয়ীর হাতে স্বরোভস্কি ক্রিস্টালে তৈরি ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান ও জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ট্রফির পাশাপাশি বর্ণিতার হাতে একটি বিলাসবহুল গাড়ির চাবিও তুলে দেওয়া হয়। এছাড়া ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মাতা রায়হান রাফীর একটি সিনেমায় অভিনয়ের সুযোগ পাচ্ছেন তিনি।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম। তাঁরা যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকার চেক লাভ করেন। চূড়ান্ত পর্বে আরও অংশ নিয়েছিলেন নুসরাত আফরীন ইয়ুমনা ও তিস্তা পাল।
এবারের আসরের মেন্টর হিসেবে ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফী। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও আরিফিন শুভ। বিশেষ নাট্য আবহ ও জমকালো পারফরম্যান্সের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের শীর্ষ তারকা আজমেরী হক বাঁধন, রুনা খান, মৌসুমী হামিদসহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০০৫ সালে শুরু হওয়া এই সৌন্দর্য প্রতিযোগিতা ২০১৮ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে গত বছর থেকে পুনরায় শুরু হয়। এবারের ১০ম আসরে বিজয়ীদের নিয়ে নির্মাতা শিহাব শাহীন একটি ওয়েব সিনেমা নির্মাণ করবেন বলেও জানানো হয়েছে।
ভোরের আকাশ/আ.র