প্রভার পোস্টে রহস্যের ছোঁয়া, ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের আলোচনার কেন্দ্রে এসেছেন। আবেগঘন একটি বার্তা প্রকাশের পর পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন প্রভা। ছবিগুলোতে সফট প্যাস্টেল রঙের পোশাক, মিনিমাল সাজ এবং স্নিগ্ধ এথনিক লুকে দেখা যায় তাকে। খোলা চুলে গোলাপি-সাদা সালোয়ার-কামিজে তার স্বাভাবিক ও নান্দনিক উপস্থিতি ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।
তবে ছবির চেয়ে বেশি আলোচনায় এসেছে তার ক্যাপশন। সেখানে তিনি লিখেছেন, “তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে, সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।”
এই বার্তাটি কাকে উদ্দেশ্য করে লেখা—সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি অভিনেত্রী। ফলে পোস্টটি ঘিরে ভক্তদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি হয়তো তার জীবনের কোনো বিশেষ মানুষকে উদ্দেশ্য করে লেখা। তবে বিষয়টি নিয়ে প্রভার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রকাশিত ছবিগুলোতে কখনো পার্কের পাশের বেঞ্চে বসে, কখনো ফুলের নাগাল পাওয়ার চেষ্টা করতে, আবার কোনো ছবিতে রাস্তার পাশে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাকে। সব মিলিয়ে তার স্বাভাবিক ও স্নিগ্ধ উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে।
এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি তিনি নির্মাতা ফয়েজ আহমেদ রেজা পরিচালিত ‘লুক আ লাইক’ শিরোনামের একটি ফিকশনে অভিনয় করেছেন। ফিকশনটি শিগগিরই বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভোরের আকাশ/এনএ