দেশে ফিরেছেন আলভী, মিলছে না খোঁজ

নেপাল থেকে দেশে ফিরেছেন অভিনেতা জাহের আলভী। রোববার তার বিরুদ্ধে স্ত্রী ইকরাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
দেশে ফেরার খবর জানার পরই পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। তবে দেশে ফিরা মাত্রই আলভী গা ঢাকা দিয়েছেন, একারণে তার অবস্থান শনাক্ত করতে পারছে না পুলিশ।
রোববার (১ মার্চ) রাতে দেশে ফেরেন আলভী। বিমানবন্দর থেকে বের হওয়ার পর তার ফোন বন্ধ থাকায় তার অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেশে ফেরার আগেই ফেসবুক থেকে বন্ধ হয়ে যায় এই অভিনেতার ২৪ লাখ ফলোয়ারে পেজটি।
একাধিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ১ মার্চ বিকেলে আলভী নেপাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তিনি কিছুক্ষণ অবস্থান করার পর একজন মধ্যস্থকারীর মাধ্যমে বেরিয়ে আসেন।
ইকরার মৃত্যুর ঘটনায় অভিনেতা জাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। একই মামলায় অভিনেত্রী তিথি ও অভিনেতার মাকেও আসামি করা হয়েছে। রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।
প্রসঙ্গত, ২০১০ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন আলভী-ইকরা। তাদের ঘরে রয়েছে এক পুত্রসন্তান। তবে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে স্বামীর পরকীয়া ও মানসিক নির্যাতনে আত্মহত্যার পথ বেছে নেন ইকরা।
ভোরের আকাশ/এনএস