সোনাক্ষীর ছবি নিয়ে বিতর্ক, আইনি ভুলে অভিযুক্তকে ছাড় দিল আদালত

সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। দিল্লি থেকে গ্রেপ্তারের পর তাকে মুম্বাইয়ে নেওয়া হলেও পুলিশের সেই পদক্ষেপই এবার প্রশ্নের মুখে পড়েছে। গ্রেপ্তারের আইনি প্রক্রিয়ায় ত্রুটি পাওয়ায় অভিযুক্তকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিকৃত ও আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি জানতে পেরে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন সোনাক্ষী। তাঁর অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের বান্দ্রা থানায় মামলা হয়। পরে এ ঘটনায় দিল্লির বাসিন্দা আরিয়ান দীপক জৈনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ১৫ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দিল্লির শাহদারা এলাকার জগতপুরি থানা এলাকা থেকে সকাল ১০টা ১১ মিনিটের দিকে আরিয়ানকে গ্রেপ্তার করা হয়। এরপর বিমানে তাকে মুম্বাইয়ে নিয়ে যায় বান্দ্রা থানার পুলিশ। অভিযুক্তের কাছ থেকে ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের জন্য তাকে তিন দিনের হেফাজতে নেয়ার আবেদন জানায় পুলিশ। তবে আদালতে হাজির করার পরই গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন ম্যাজিস্ট্রেট।
আদালতের প্রশ্ন ছিল, দিল্লি থেকে গ্রেপ্তারের পর আরিয়ানকে কেন সেখানকার নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি? সরাসরি মুম্বাইয়ে নিয়ে আসার পেছনে পুলিশের পক্ষ থেকে সন্তোষজনক ব্যাখ্যাও দেয়া যায়নি। অন্যদিকে, আরিয়ানের আইনজীবী আমান শাহী, প্রশান্ত ত্রিবেদী ও আদিত্য জৈন গ্রেপ্তারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁদের দাবি, গ্রেপ্তারের আগে বাধ্যতামূলক নোটিশ দেয়া হয়নি এবং আটকের কারণও জানানো হয়নি।
ভারতের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএসের ৩৫(১)(বি) ধারা অনুযায়ী, সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে এমন অপরাধের ক্ষেত্রে কাউকে গ্রেপ্তারের প্রয়োজনীয়তা তদন্তকারী কর্মকর্তাকে নথিভুক্ত করতে হয়। আদালতের পর্যবেক্ষণ, শুধু তদন্তের স্বার্থে কাউকে গ্রেপ্তার করলেই হবে না, আইনি প্রক্রিয়াও অনুসরণ করতে হবে। শেষ পর্যন্ত পুলিশের তিন দিনের হেফাজতের আবেদন খারিজ করে আরিয়ানকে মুক্তির নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
তবে এতে মামলার তদন্ত বন্ধ হচ্ছে না। সোনাক্ষীর অভিযোগের ভিত্তিতে বান্দ্রা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ফলে বিকৃত ছবি তৈরির পেছনে কারা জড়িত এবং কীভাবে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তা এখনো তদন্তসাপেক্ষ।
ভোরের আকাশ/জেআ