লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’

যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষীদের অন্যতম বড় চলচ্চিত্র আয়োজন লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল-এর নবম আসরে প্রদর্শিত হতে যাচ্ছে প্রেশার কুকার। বুধবার (২২ এপ্রিল) রাত ৮টায় অনুষ্ঠিত হবে সিনেমাটির ইউকে প্রিমিয়ার।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ভিন্নধর্মী গল্প, নির্মাণশৈলী এবং সমসাময়িক উপস্থাপনার কারণে সিনেমাটি আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরার জন্য নির্বাচিত হয়েছে। প্রদর্শনীতে অংশ নিতে ইতোমধ্যে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নির্মাতা রায়হান রাফী।
রাফী জানান, সিনেমাটি শিল্পঘরানার হওয়ায় এ ধরনের আয়োজনগুলোতে সাধারণত ভালো সাড়া পাওয়া যায়। দেশের প্রেক্ষাগৃহে চলমান সাফল্যের মধ্যেই এই উৎসব থেকে আমন্ত্রণ পাওয়া তাদের জন্য বড় অর্জন বলেও উল্লেখ করেন তিনি।
বাংলা ভাষার চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত এই উৎসবে প্রতি বছর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নির্বাচিত সিনেমা প্রদর্শিত হয়।
এদিকে ‘প্রেশার কুকার’ ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে। আগামী সপ্তাহে উত্তর আমেরিকাসহ আরও কয়েকটি দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
রায়হান রাফী ও ইমপ্রেস টেলিফিল্ম-এর প্রযোজনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে।
ভোরের আকাশ/সু.পা