‘গুঞ্জন নিয়ে আমি কম পরোয়া করি’ — তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বর্তমানে অভিনয় থেকে বিরতিতে আছেন টানা দেড় মাস ধরে। ঈদের আগে দেশ ছাড়লেও ফিরে এসে শুটিং কিংবা নতুন কাজে আর যুক্ত হননি তিনি। ফলে তার ক্যারিয়ার নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
বিশেষ করে বলিউড তারকা শারমান যোশীর বিপরীতে ‘ভালোবাসার মওসুম’ সিনেমায় অভিনয়ের খবর প্রকাশের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিশা। এতদিন এ বিষয়ে নীরব থাকলেও এবার মুখ খুললেন তিনি। সরাসরি কিছু না জানিয়ে ইঙ্গিতপূর্ণভাবে বলেন, “সিনেমাটিতে আমি আছি—এমন অনেক নিউজ হয়েছে। আমিও দেখেছি। তবে নিউজ তো অনেক হয়। কতটা সত্যি, কতটা নয়, দর্শকই জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। সামনে হয়তো নতুন কোনো সারপ্রাইজ নিয়েই হাজির হব।”
তবে কথার ফাঁকেই অভিনেত্রী জানান, শারমান যোশীর সঙ্গে কাজের সুযোগ পাওয়া গেলে তা তার ক্যারিয়ারের বড় সাফল্য হবে।
প্রেম, সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন—যে কোনো ধরনের গুঞ্জন নিয়ে উদাসীন তিশা সাফ জানালেন, “গুঞ্জন নিয়ে আমি কম পরোয়া করি। দর্শক আমাকে পছন্দ করেন আমার কাজের জন্য। তাই কাজ নিয়েই কথা বলতে চাই, কাজ নিয়েই আনন্দিত হই।”
বিরতির পর কবে শুটিংয়ে ফিরবেন, সে সিদ্ধান্ত এখনো জানাননি তিনি। তবে ইঙ্গিত দিয়েছেন শিগগিরই নতুন চমক নিয়ে হাজির হবেন।
এদিকে ভক্তদের জন্য সুখবর হলো, চলতি মাসের শেষেই মুক্তি পেতে যাচ্ছে তিশার অভিনীত নাটক ‘খোয়াবনামা’। ভিকি জাহেদ পরিচালিত এই নাটকে তার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।
ভোরের আকাশ//হ.র