২০০ সন্ত্রাসী প্রস্তুত, অমিতাভ-অভিষেককে হত্যার হুমকি

আবারও হত্যার হুমকি পেয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন। গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ দাবি করেছেন, সম্প্রতি দিল্লি পুলিশের হাতে তার দুই সহযোগী গ্রেপ্তার হলেও মুম্বাইয়ে এই প্রবীণ অভিনেতাকে লক্ষ্য করে হামলার যে কথিত পরিকল্পনা রয়েছে, তা ভেস্তে যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ বলেন, মুম্বাইয়ে তার প্রায় ২০০ সহযোগী সক্রিয় ও প্রস্তুত রয়েছেন। তার দুই সহযোগী বিকাশ ঠাকুর এবং দীপক সিং গ্রেপ্তার হলেও পরিকল্পনার কোনো পরিবর্তন হবে না। পোস্টটিতে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদেরও হুমকি দেওয়া হয়েছে এবং বিশেষভাবে অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেকের নাম উল্লেখ করে সতর্ক করা হয়েছে যে, বুলেটপ্রুফ কাচও তাদের রক্ষা করতে পারবে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই পোস্ট এবং এতে করা দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত দুই কথিত শুটার বিকাশ ঠাকুর এবং দীপক সিংকে দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেপ্তার করার দুদিন পরই এই হুমকি এলো। তদন্তকারীদের সন্দেহ, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’র বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রে ওই দুই ব্যক্তি জড়িত ছিলেন। এ ছাড়া চাঁদাবাজির অংশ হিসেবে দিল্লির এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার পৃথক একটি পরিকল্পনাও তাদের গ্রেপ্তারের পর উদ্ঘাটন করা সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে ধিলোঁ ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার কথা উল্লেখ করে বলেন, ওই সহিংসতার জন্য দায়ীদের কখনোই ক্ষমা করা হবে না।
তিনি আরো দাবি করেন, বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে যাঁরা বিবৃতি দেবেন, তাদের জবাবদিহি করতে হবে। পোস্টটিতে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের নাম নির্দিষ্টভাবে উল্লেখ করে হুমকি দেওয়া হয় যে, যত নিরাপত্তাব্যবস্থাই নেওয়া হোক না কেন, তাঁদের গুলি করা হবে। পোস্টে দাবি করা হয়, ‘তারা যতই বুলেটপ্রুফ কেবিন তৈরি করুন না কেন, তাদের গুলি করা হবেই।’
শনিবার দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত দুই কথিত শুটারকে গ্রেপ্তার করে। তারা হলেন পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং পাঞ্জাবের তরণ তারণের বাসিন্দা দীপক সিং ওরফে দীপ।
পুলিশের মতে, এই দুই ব্যক্তি দিল্লির এক ব্যবসায়ী এবং অমিতাভ বচ্চনকে ঘিরে পৃথক কিন্তু সম্ভাব্য যোগসূত্র থাকা পরিকল্পনার অংশ ছিলেন। অভিযোগ রয়েছে, দিল্লিতে ওই ব্যবসায়ীকে গুলি করার দায়িত্ব দেওয়া হয়েছিল বিকাশ ঠাকুরকে। এই অভিযানের জন্য তিনি মুম্বাই থেকে দিল্লিতে এসেছিলেন এবং পরে দীপক সিংয়ের তার সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল।
গত এক মাসে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’য় বোমা হামলার তিনটি পৃথক হুমকি ইমেইল আসার পর এই সর্বশেষ ঘটনাটি ঘটল। মুম্বাইয়ে নিজ বাসভবনের বাইরে ভক্তদের সঙ্গে অমিতাভ বচ্চনের সাপ্তাহিক নিয়মিত সাক্ষাতের সময়ও কঠোর নিরাপত্তাব্যবস্থা চোখে পড়েছে। গত ১ নভেম্বর ‘জলসা’র বাইরে নিয়মিত রোববারের শুভেচ্ছা বিনিময়ের সময় এই অভিনেতাকে বুলেটপ্রুফ কাচের পেছনে দেখা যায়। প্রথাগতভাবে বচ্চন চাকাযুক্ত একটি মঞ্চ থেকে ভক্তদের অভিবাদন জানান, যাতে বাড়ির বাইরে জড়ো হওয়া মানুষেরা তাকে স্পষ্টভাবে দেখতে পান। তবে ১ নভেম্বর ওই মঞ্চটি তিন দিক থেকে কাচ দিয়ে ঘেরা ছিল এবং অভিনেতা সেই সুরক্ষামূলক কাঠামোর পেছনে দাঁড়িয়ে ছিলেন।
সূত্র : এনডিটিভি
ভোরের আকাশ/এনএস