ঢাকায় আতিফ আসলামের কনসার্ট, টিকিটের দাম কত?

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন। আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে, রাজধানীর ৩০০ ফুট এলাকায় অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই কনসার্ট। আতিফ আসলামের পাশাপাশি মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।
অনলাইনে গেটমাই টিকিট প্ল্যাটফর্মে তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে। ‘দূরি এরিয়া’ টিকিটের মূল্য ২ হাজার ৯৯৯ টাকা, ‘আদাত এরিয়া’ টিকিট ৫ হাজার ৯৯৯ টাকা এবং ‘পেহলি নজর এরিয়া’ টিকিটের দাম ১০ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টের দিন দুপুর ২টায় প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৬টায় প্রবেশ বন্ধ হবে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত ১০টা পর্যন্ত।
উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের এই কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিল। টিকিট বিক্রিও শুরু হয়েছিল। তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, স্থগিত হওয়া কনসার্টের যেসব দর্শক টিকিট কিনে রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। আর যারা রিফান্ডের করেও এখনো অর্থ ফেরত পাননি, তারা চাইলে আগের টিকিট পুনরায় সক্রিয় করার আবেদন করতে পারবেন।
ভোরের আকাশ/এনএ