মায়ের মতো ধৈর্যশীল ও মানবিক হতে চাই : সাদিয়া আয়মান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা অনুভূতি ও শেখার অভিজ্ঞতা প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি মা, পরিবার, ধৈর্য এবং মানবিকতা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
সাদিয়া আয়মান বলেন, তিনি চান একসময় যেন তার মায়ের মতো মানুষদের ভালোবাসা অর্জন করতে পারেন। তার ভাষায়, তিনি কোথাও না থাকলে মানুষ যেন তাকে খোঁজে—ঠিক যেমন সবাই তার মাকে খোঁজেন। তিনি জানান, প্রতিনিয়ত মায়ের কাছ থেকেই অনুপ্রেরণা পান এবং তার মা-ই তার দেখা সবচেয়ে ধৈর্যশীল নারী। তাই নিজেকেও ধীরে ধীরে আরও ধৈর্যশীল করে তোলার চেষ্টা করছেন।
অভিনেত্রীর মতে, মানুষের মন জয় করে চলতে শেখার বিষয়টিও তিনি মায়ের কাছ থেকেই শিখেছেন। তিনি বলেন, আগে তিনি অনেক বেশি চঞ্চল ও অধৈর্য ছিলেন, খুব দ্রুত কথা বলতেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলেছেন এবং আরও পরিণত হওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে মিডিয়ায় কাজ শুরু করার পর তার মধ্যে ধৈর্য অনেক বেড়েছে বলেও জানান তিনি।
একটি আউটডোর শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে সাদিয়া বলেন, দীর্ঘ সময় কাজের চাপে সেদিন কেউ ঠিকমতো খাবার খাওয়ার সুযোগ পাননি। সবাই কেক, বিস্কুট ও কফি খেয়েই শুটিং চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় অভিনেতা মোশাররফ করিম মজা করে এসে বলেছিলেন, ‘আমাকে একটু কেক বা বিস্কুট দাও ভাই, আমি তো রোজা রাখিনি, খুব ক্ষুধা লাগছে।’
নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও জানান সাদিয়া আয়মান। তিনি বলেন, চেহারা ও স্বভাবে তিনি অনেকটাই মায়ের মতো হয়েছেন। মাকে নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী মজা করে বলেন, কেউ যদি তার মাকে না দেখে থাকেন, তাহলে তাকে দেখলেই মায়ের একটু বয়স্ক সংস্করণ কল্পনা করা যাবে।
ভোরের আকাশ/সু.পা