‘অস্বস্তিকর স্পর্শের অভিজ্ঞতা’ জানালেন ডেইজি শাহ

ভারতের বিনোদন জগতের আলোচিত বিষয় ‘কাস্টিং কাউচ’ নিয়ে নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকে এক নির্মাতার কাছ থেকে অপেশাদার ও অস্বস্তিকর আচরণের মুখোমুখি হওয়ার কথা জানান তিনি।
ডেইজির ভাষ্য অনুযায়ী, মুম্বাইয়ে এক অডিশনে অংশ নিতে গিয়ে তিনি ওই পরিস্থিতির সম্মুখীন হন। সেখানে কয়েকজন তরুণীর সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন। এক পর্যায়ে নির্মাতা তাকে আলাদা করে ডেকে নেন এবং কথোপকথনের সময় তার হাত ধরে আপত্তিকরভাবে স্পর্শ করেন, যা তাকে তাৎক্ষণিকভাবে অস্বস্তিতে ফেলে দেয়।
পরিস্থিতি বুঝে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসেন ডেইজি এবং পরবর্তীতে আর ওই ব্যক্তির সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি অপরিচিত কারও শারীরিক স্পর্শে স্বাচ্ছন্দ্যবোধ করেন না—এমনকি নারীদের ক্ষেত্রেও নয়।
এই ঘটনার পর থেকে নিজের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হয়েছেন বলে জানান এই অভিনেত্রী। এখন আর একা কারও সঙ্গে দেখা করেন না এবং কাজের ক্ষেত্রেও সচেতনভাবে সিদ্ধান্ত নেন।
একই সাক্ষাৎকারে ক্যারিয়ারে সহায়তা পাওয়ার বিষয়টিও উল্লেখ করেন ডেইজি। তার মতে, বিনোদন অঙ্গনে পারস্পরিক সহযোগিতা স্বাভাবিক বিষয় এবং কেউ সুযোগ পেলে তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা উচিত।
ভোরের আকাশ/সু.পা