স্ত্রীকে হারানোর স্বপ্নে বিচলিত হয়ে পড়েন অনন্ত জলিল

অনন্ত জলিল ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত অভিনেতা ও প্রযোজক। ঈদ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে খোলামেলা আড্ডায় অংশ নেন তিনি। উপস্থাপক নাজমুল আলম রানার সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় অনন্ত জলিল তার শৈশবের স্মৃতি, ঈদ উদযাপনের অভিজ্ঞতা, গরুর হাটে যাওয়ার গল্প এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
অনন্ত জলিল জানান, ছোটবেলা থেকেই তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং পড়াশোনার সময়েই কাজ শুরু করেন। ঈদকে ঘিরে তার শৈশবের স্মৃতির মধ্যে চাঁদরাতের ঘোরাঘুরি, বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং বিভিন্ন উৎসবের আনন্দ বিশেষভাবে মনে আছে বলে জানান তিনি। গরুর হাটের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, সেই সময় হাটে যাওয়ার মধ্যে যেমন আনন্দ ছিল, তেমনি ছিল ভিড় ও দৌড়াদৌড়ির অদ্ভুত সব ঘটনা, যা এখনো স্মৃতিতে হাসির মতো ফিরে আসে।
অনন্তের কাছে ঈদের চেয়েও ঈদের আগের চাঁদরাত বেশি স্পেশাল। তিনিও বলেন, ছোটবেলায় বন্ধুদের সঙ্গে মিলে রাতভর আড্ডা দেয়া এবং আতশবাজি বা পটকা ফাটানোর স্মৃতি আজও ভাবায়। আমার সিনেমা দেখার নেশা ছোটবেলা থেকেই। মধুমিতা, শ্যামলী বা বলাকা সিনেমা হলে টিকিট কাটতে গিয়ে মানুষের ভিড়ে কতবার যে তার গায়ের নতুন শার্ট ছিঁড়ে গেছে এবং হাতে ব্যথা পেয়েছেন, তার কোনো ইয়ত্তা নেই।
অনুষ্ঠানে স্ত্রী বর্ষা নিয়েও খোলামেলা কথা বলেন অনন্ত জলিল। তিনি বলেন, বর্ষাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ওপর দাঁড়িয়ে আছে। আলাপের এক পর্যায়ে তিনি স্বপ্নের একটি অভিজ্ঞতার কথাও জানান। অনন্ত জলিল বলেন, স্বপ্নে বর্ষাকে হারিয়ে ফেলার মতো একটি অদ্ভুত পরিস্থিতি তিনি দেখেছিলেন, যেখানে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে ঘুম ভাঙার পর বুঝতে পারেন এটি কেবলই স্বপ্ন ছিল। ব্যক্তিগত আবেগ ও সম্পর্ক নিয়ে এমন স্বপ্ন তাকে বাস্তব জীবনের সম্পর্ককে আরও মূল্য দিতে শিখিয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।
এছাড়া মজার বিষয় হলো, ফুটবল বিশ্বকাপ নিয়ে তাঁদের ঘরে চলে অন্যরকম এক আমেজ। বর্ষা আর্জেন্টিনার সমর্থক হলেও অনন্ত নিজে ব্রাজিলের অন্ধ ভক্ত।
অনুষ্ঠানের শেষে অনন্ত জলিল সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ যেন নিরাপদ, শান্তিপূর্ণ এবং পারিবারিক আনন্দে ভরা হয় এটাই তার প্রত্যাশা। অনন্ত জলিল বর্তমানে তার নতুন ছবি ‘নেতৃ: দ্য লিডার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ।
ভোরের আকাশ/জে,আ