ক্যারিয়ারই এখন সবচেয়ে বড় ভালোবাসা: মিথিলা

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করছেন। বলিউডের ‘রোহিঙ্গা-পিপল ফ্রম নো হোয়্যার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। এবার তাকে দেখা যাবে ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা শাকিব খান অভিনীত রকস্টার সিনেমায়।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত জীবন ও ভালোবাসা প্রসঙ্গে কথা বলেন মিথিলা। তবে নিজের প্রথম প্রেম নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে অনাগ্রহ প্রকাশ করেন তিনি।
মিথিলা বলেন, “ভালোবাসা নিয়ে প্রশ্ন করলে কী বলব বুঝি না। আমার জীবনের প্রথম ভালোবাসা নিয়ে আজ কোনো কথা বলতে চাই না। এটা নিয়ে ভাইরালও হতে চাই না।”
প্রেমের বিষয়ে তিনি আরও বলেন, “এই বয়সে কারও প্রথম প্রেম থাকে বলে আমার মনে হয় না। আমারও নেই। তবে আমি এটা বলছি না যে, এখন আমার জীবনে ভালোবাসা নেই। হয়তো আছে, হয়তো নেই।”
বর্তমানে নিজের কাজ ও ক্যারিয়ার নিয়েই বেশি মনোযোগী এই অভিনেত্রী। ব্যক্তিগত সম্পর্কের চেয়ে পেশাগত সাফল্যকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন।
তার ভাষায়, “এই মুহূর্তে আমার পুরো ভালোবাসা আমার কাজ। আমি এটাকে বড় একটি সুযোগ হিসেবে দেখি এবং চাই এখানে আমার সেরাটা দিতে। তাই এখন ভালোবাসা নিয়ে খুব একটা ভাবছি না। তবে এটাও বলছি না যে ভালোবাসা নেই।”
ভোরের আকাশ/সু.পা