ফুটবলার হওয়ার স্বপ্ন থেকে বলিউড সুপারস্টার নোরা ফাতেহি

বলিউড মানেই গ্ল্যামার আর চোখধাঁধানো নাচ। আর এই অঙ্গনের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নাম নোরা ফাতেহি। তবে আজকের এই দাপুটে নৃত্যশিল্পী ও অভিনেত্রীর স্বপ্ন একসময় ছিল একেবারেই ভিন্ন—তিনি হতে চেয়েছিলেন একজন পেশাদার ফুটবলার।
সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ফুটবলার হওয়ার অপূর্ণ স্বপ্ন এবং বলিউডে নিজের উত্থানের গল্প শেয়ার করেছেন এই মরক্কো বংশোদ্ভূত তারকা।
নোরা জানান, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। কিন্তু মাত্র ১১ বছর বয়সে এক গুরুতর চোট তার সেই স্বপ্নে বড় ধাক্কা দেয়। সেই সময়টিকে তিনি জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন।
তবে ফুটবল মাঠের এই ব্যর্থতা তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে, যা পরবর্তীতে ভারতের বিনোদন জগতে নিজের জায়গা করে নিতে সাহায্য করে বলে মনে করেন নোরা।
বলিউডে নোরার যাত্রা শুরু হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে। তবে ব্যাপক পরিচিতি তিনি পান দক্ষিণ ভারতীয় সিনেমার আইটেম গানগুলোতে পারফর্ম করে। তেলেগু সিনেমা ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ‘কিক টু’-তে তার পারফরম্যান্স দর্শকদের নজর কাড়ে।
২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানের পুনর্নির্মাণে নোরার পারফরম্যান্স ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটি প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে ২ কোটিরও বেশি ভিউ পেয়ে সে সময়ের অন্যতম রেকর্ড গড়ে।
পেশাদার ফুটবলার হতে না পারলেও আন্তর্জাতিক ফুটবলের বড় আসরগুলোতে নোরার উপস্থিতি এখন নিয়মিত। ২০২২ ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে তিনি পারফর্ম করেন এবং বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠ দেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও তাকে পারফর্ম করতে দেখা যায়।
ভোরের আকাশ/সু.পা